আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন
কক্স অ্যাম্বাসেডর হোটেলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

কক্সবাজারের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেল সংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত সি প্রিন্সেস নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

/এসবি/