মাঝসমুদ্রে বিদ্রোহ করে উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সংবাদদাতা
মাঝসমুদ্রে বিদ্রোহ করে উপকূলে ফিরলেন ২৮ জিম্মি
উপকূলে ফেরা জিম্মিরা

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ৭২ জনকে টেকনাফ থেকে গভীর সমুদ্রে নিয়ে একটি ট্রলারে জিম্মি করে মানবপাচারকারী চক্র। অস্ত্রের মুখে প্রত্যেকের কাছে দাবি করা হয় ৫০ লাখ টাকা মুক্তিপণ। নির্যাতন ও হত্যার হুমকির মুখে একপর্যায়ে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন ভুক্তভোগীরা। পরে নিজেরাই ফিরে আসেন কক্সবাজার উপকূলে। ভুক্তভোগীদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বলেন, বাড়ি থেকে ডেকে নেওয়া, কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিলো। পরে বিভিন্ন স্থান থেকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।

চকোরিয়ার ঈদগাহ এলাকার আব্দুল কাদের বলেন, ইমন ও ফয়েজ আহমদ নামে দুই বন্ধুকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারি, আমরা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছি।

তিনি বলেন, আটকে রাখার পর আমাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিত। আট থেকে ৯ দিন আটকে রাখার পর আমাদের এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয়। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

আব্দুল কাদের বলেন, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। ট্রলারে আমরা মোট ৭২ জন ছিলাম। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিলো। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসবি/