পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত
দুর্ঘটনাকবলিত পুলিশের টহল ভ্যানে

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ, সাফায়েত। আহতদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। হঠাৎ পেছন থেকে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/