ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন
বাড়ির নিচতলায় আগুন (ইনসেটে ড. মুহাম্মদ ইউনূস)। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম নগরীতে অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় ‘নিরিবিলি’ নামের ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এর আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে তারা ভেতরে ঢুকে নিভিয়ে ফেলেন।

তিনি বলেন, চারতলা বাড়িটির পূর্বপাশের নিচতলার ওই অংশে গত ১০-১৫ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির লোকজন নিজেরাও সেখানে যান না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আগুন লাগার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বাড়িটির নিচতলায় পিছনের দিকের অংশে আগুন জ্বলছে।

জানা গেছে, একজন রিকশার যাত্রী ভিডিওটি করেন। আগুন জ্বলার সময় সামনের ফুটপাতে দাঁড়িয়ে তা দেখছিলেন তিনি।

/জেএইচ/