শিরোনাম

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার
পবিত্র কাবা শরিফের সামনে মো. সাদ্দাম হাওলাদার। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে দলটির এক সক্রিয় কর্মী। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম। ভিডিওটির মন্তব্যের ঘরে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। মুহূর্তের মধ্যে তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুক পোস্টে সাদ্দাম হাওলাদার লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বরিশালের গৌরনদী-আগৈলঝাড়াবাসী আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ্।

আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমি, আমার পরিবার বাবা ও চাচাসহ বংশের ৯০% সবাই এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি, মো. সাদ্দাম হাওলাদার, জাতীয় উপ-নির্বাচন কমিটির (সাবেক) সদস্য ও ৪ নং মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী ও একজন অ্যাকটিভ সদস্য এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি দায়িত্বরত অবস্থায় আছি।

পোস্টে নিজেকে সৌদি প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা উল্লেখ করে তিনি আরও লেখেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসে থেকে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। রাজনীতি থেকে সরে দাঁড়ালেও বিএনপির প্রতি আমার কোনো অভিযোগ বা ক্ষোভ নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, ভালোবাসি দেশ নায়ক তারেক রহমানের সৎ ও যোগ্য ব্যক্তিকে, ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে।

ব্যক্তিগতভাবেই রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে সাদ্দাম লেখেন, আমি কোনো বড় রাজনীতিবিদ না বা ত্যাগী নেতাকর্মী নয়, আমার চাইতে হাজারও লক্ষ কোটি নেতাকর্মী এখন দলের কাছে বোঝা ও অবহেলিত। তাই আমি স্ব-সম্মানে সজ্ঞানে বাংলাদেশ নামক সব রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি এবং পদত্যাগ করলাম।

আজকের পর থেকে তিনি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন– জানিয়ে এই নেতা আরও লেখেন, আল্লাহতায়ালার ঘর পবিত্র কাবা শরীফকে সামনে রেখে তওবা করলাম, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার রাজনৈতিক জীবনে যদি জানা/অজানা কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি– তাহলে আমাকে আপনাদের কারও ছেলে, ভাই, বন্ধু বা সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আমি সবার কাছে বিনয়ের সঙ্গে মাফ চাই।

এদিকে, সাদ্দাম হাওলাদারের রাজনীতি ছাড়ার ঘোষণার পেছনে কোনো অভ্যন্তরীণ বিরোধ বা ক্ষোভ কাজ করেছে কি না, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি আমার জানা নেই। আর সাদ্দাম হাওলাদার কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। কারও সঙ্গে কোনো বিরোধ বা ক্ষোভের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, সাদ্দাম হাওলাদার লিখিতভাবে কোনো পদত্যাগপত্র দেননি। ফেসবুকে ভিডিও প্রকাশ করে কেন এমন ঘোষণা দিয়েছেন, সেটিও খোঁজ নিয়ে জানা যাবে।

/এফআর/