শিরোনাম

বাগেরহাট-৪ আসন

প্রাণনাশের হুমকি, সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

বাগেরহাট সংবাদদাতা
প্রাণনাশের হুমকি, সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে আমাকেে এবং আমার কর্মীদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি সব কর্তৃপক্ষ ও সাংবাদিকদের জানিয়েছি। জীবনের নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি। আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাগেরহাট-৪ আসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমি মনে করি না, মোরেলগঞ্জ-শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে। এজন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এসময় তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে নিজেকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে তিনি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

/এসআর/