ঢাকার চেহারা বদলাতে ১০ বছরের মহাপরিকল্পনা, মতামত চাইলো রাজউক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার চেহারা বদলাতে ১০ বছরের মহাপরিকল্পনা, মতামত চাইলো রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়। ছবি: সিটিজেন জার্নাল

যানজট কমানো, আবাসনসংকট মোকাবিলা, নদী-খাল রক্ষা এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে আগামী ১০ বছরের জন্য নতুন কৌশলগত পরিকল্পনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ‘ঢাকা স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩৫’ নামের এই পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মতামত, পরামর্শ ও আপত্তি জানতে চেয়েছে সংস্থাটি। নতুন বছরের ১১ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে মতামত জানানো যাবে।

তবে পরিকল্পনাটি নতুন করে তৈরি করা হয়নি। এর আগেও ‘ঢাকা স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৬-২০৩৫’ নামে একই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেটি গেজেট আকারে প্রকাশিত হয়নি। পরে ২০২৬ সালে এসে পরিকল্পনাটি গেজেটভুক্ত হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ‘ঢাকা স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৬-২০৩৫ ও ২০২৬-২০৩৫ একই বিষয়। এর কোনো পরিবর্তন নেই। শুধু ঢাকা স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৬-২০৩৫ গেজেটেড হয়নি। সেটিই ২০২৬ সালে গেজেটেড হয়েছে।’

রাজউকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ১৯ ধারার আওতায় ঢাকা ও আশপাশের এলাকার ভবিষ্যৎ নগরায়ণ, ভূমির ব্যবহার এবং উন্নয়ন বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে। গত ২৫ অক্টোবর গেজেট প্রকাশের মাধ্যমে খসড়াটি জনসাধারণের সামনে তুলে ধরা হয়। এখন এ বিষয়ে নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে।

জানা গেছে, পরিকল্পনার মূল লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে ঢাকাকে আরও বাসযোগ্য, সচল ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম মহানগর হিসেবে গড়ে তোলা। এ জন্য রাজধানীর কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কমিয়ে আশপাশের এলাকাগুলোতে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় আবাসন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে।

পরিকল্পনায় ২০৩৫ সালে মহানগর এলাকায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস, ৬১ লাখ আবাসন ইউনিট এবং ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থানের হিসাব ধরা হয়েছে। ভূমি ব্যবহারের জন্য পাঁচটি অঞ্চল নির্ধারণের প্রস্তাব রয়েছে। কোথায় আবাসন, কোথায় কৃষিজমি, কোথায় নগর সম্প্রসারণ হবে এবং কোন এলাকা পরিবেশ সংরক্ষণের আওতায় থাকবে, তা এতে উল্লেখ করা হয়েছে।

যানজট কমাতে পাঁচটি মেট্রোরেল ও তিনটি বিআরটি রুট, তিনটি বৃত্তাকার সড়ক, কমিউটার ট্রেন এবং নৌপথ উন্নয়নের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ফুটপাত ও সাইকেল পথ উন্নয়ন, গণপরিবহণ বাড়ানো এবং পার্কিং ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন, নদী-খাল ও জলাশয় রক্ষা, কৃষিজমি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণের বিষয়ও পরিকল্পনায় রাখা হয়েছে। বন্যা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর বিষয়েও রয়েছে বিভিন্ন প্রস্তাব। মোট ১৩টি অধ্যায়ে নগর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

রাজউকের ওয়েবসাইটে https://rajuk.gov.bd/ তে পরিকল্পনাটির খসড়া দেখা যাবে । লিখিত মতামত পাঠানো যাবে নগর পরিকল্পনাবিদ, পরিকল্পনা প্রণয়ন শাখা, রাজউক, এনেক্স ভবন (ষষ্ঠ তলা), ঢাকা-১০০০ ঠিকানায়। এ ছাড়া [email protected] ই-মেইলেও মতামত পাঠানো যাবে। আগামী ১১ জানুয়ারি ২০২৭ মতামত দেওয়ার শেষ দিন।

/এফআর/