সদরঘাটে লঞ্চ টার্মিনাল নিয়ে বিরোধ, ককটেল বিস্ফোরণে আহত ২

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
সদরঘাটে লঞ্চ টার্মিনাল নিয়ে বিরোধ, ককটেল বিস্ফোরণে আহত ২
বিস্ফোরণের পর একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ১২টার দিকে বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়।

ডিএমপির কোতোয়ালি জোনের এডিসি নাজিমুদ্দিন আল আজাদ বলেন, ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কীভাবে কী হলো, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার পর থেকেই সদরঘাট ও বাকল্যান্ড বাঁধ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

/এফআর/