শিরোনাম

রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি

সিটিজেন ডেস্ক
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি
সিসি ক্যামেরা। ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ও মাদক প্রতিরোধে রাজধানীতে নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে মহানগরীতে বসানো হচ্ছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি জানান, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু মোহাম্মদপুরেই ৭০০টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

তিনি বলেন, অপরাধ দমনে এই এলাকায় পুলিশের জনবল বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি বসিলায় নতুন একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে রাজধানীতে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, এর মধ্যে ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় ৭১০টি এবং গুলশান-বনানীসহ বিভিন্ন এলাকার ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির’ মাধ্যমে ১ হাজার ২০০টি ক্যামেরা পরিচালিত হচ্ছে। নতুন প্রকল্পের আওতায় ১১ হাজার ক্যামেরা কেনার টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরি, ছিনতাই ও ডাকাতির রহস্য উদ্‌ঘাটন সহজ হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত রেসপন্স টিম পাঠানো সম্ভব হচ্ছে। স্থায়ী ক্যামেরার পাশাপাশি পহেলা বৈশাখ বা জাতীয় দিবসের মতো বড় আয়োজনে অস্থায়ী ক্যামেরার মাধ্যমেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এ সময় অপরাধ দমনে সিসি ক্যামেরার ভূমিকার কথা তুলে ধরেন নাসিরুদ্দিন। তিনি বলেন, যেকোনো ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধীদের দ্রুত শনাক্তে সিসি ক্যামেরা দারুণ কাজ করছে। কন্ট্রোল রুম থেকে আমরা যখনই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাই, সেখানে রেসপন্স টিম পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি।

চুরি, ছিনতাই, ডাকাতি ও মারামারি রোধের পাশাপাশি রাজধানীর যানজট নিরসনেও এই ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করে ডিএমপি কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

/জেএইচ/