শিরোনাম

কমানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণালঙ্কার দেখছেন এক তরুণী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে সর্বশেষ গতকাল মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়। আজ বুধবার (২৯ জুলাই) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। এর আগে সোমবার (২৭ জুলাই) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৪৮ দফা। এছাড়া এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/জেএইচ/