কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ মায়ের মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ মায়ের মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। এ ঘটনায় তার দেড় বছর বয়সী সন্তান ও স্বামীসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাবার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। শিশুটির অবস্থা সবচেয়ে বেশি সংকটাপন্ন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগানের ‘কাঞ্চন টাওয়ার’ নামের একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাবাসহ পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় চিকিৎসাধীন অন্যরা হলেন তার স্বামী আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও শামসুন নাহার (৫০)। শামসুন নাহার তার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং শামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুলতান মাহমুদ শিকদার বলেন, শিশু রহমানসহ চিকিৎসাধীন চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

/এমআর/