শিরোনাম

মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার
তানভীর হোসেইন শুভ। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভ (৪৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করা হয়। পরে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, দুর্গন্ধের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও সহকর্মীদের খবর দেওয়া হয়েছে এবং তাদের উপস্থিতিতেই প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানভীর হোসেইন শুভর বাবার নাম তবারক হোসেইন। তাদের পারিবারিক বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায় হলেও তিনি উত্তর মুগদার ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিন সর্বশেষ তাকে ওই বাসায় দেখেছিলেন বাড়ির মালিক। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হোসেইন কর্মজীবনের শুরুতে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, কয়েক বছর আগে তার দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। তবে এ ঘটনার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

/এমআর/