শিরোনাম

একা ঘরে মায়ের লাশে পচন, জানে না প্রতিষ্ঠিত সন্তানরা

নিজস্ব প্রতিবেদক
একা ঘরে মায়ের লাশে পচন, জানে না প্রতিষ্ঠিত সন্তানরা
নোংরা ঘরে এভাবেই পড়ে ছিল নুরজাহান বেগমের মরদেহ

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নুরজাহান বেগম (৭২)।

রবিবার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মিরপুরের ৬নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। একটি কক্ষে তিনি ও আরেকটি কক্ষে মেয়ে থাকতেন। মা মারা যাওয়ার পরও টের পাননি মেয়ে। মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে নার্সকে ডাকেন তিনি। ভেবেছিলেন অসুস্থ। নার্স বাসায় এসে রুমে ঢুকে দেখতে পান, বৃদ্ধা মৃত। তার শরীরের মাংস বিছানায় খুলে পড়ে আছে।

এদিকে আশপাশের বাসিন্দারা জানান, পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির সাংবাদিকদের জানান, মেয়েকে দেখে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। মা ঘরে মরে পচে আছে, অথচ নাকে কোনো গন্ধ পাননি তিনি। বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলছে।

জানা গেছে, নুরজাহানের এক ছেলে যুগ্মসচিব। তিনি মোংলা স্থলবন্দরের সচিব পদে কর্মরত। আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছেলেরা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে এলেও আসেননি সচিব ছেলে।

/এফসি/