শিরোনাম

বেরোবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিস্থলের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
বেরোবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিস্থলের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ
গরম থেকে স্বস্তি পেতে হাতপাখা ব্যবহার করছেন আন্দোলনকারী কর্মকর্তারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিস্থলে বসানো বৈদ্যুতিক ফ্যান খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্যান ছাড়াই প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তারা হাতপাখা ব্যবহার করছেন।

এর আগে, গতকাল রবিবার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় চলমান অবস্থান কর্মসূচির স্থানে তীব্র গরমের কারণে আন্দোলনকারীরা একটি বৈদ্যুতিক ফ্যান স্থাপন করেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

জানা গেছে, গত ২৯ জুন থেকে পদোন্নতির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।

আন্দোলনকারীরা জানান, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও তা অনুষ্ঠিত হয়নি। ফলে তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া উপাচার্যের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা রয়েছে। আর যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা ফ্যান স্থাপনের জন্য কোনো অনুমতি নেননি। অনুমতি ছাড়া কীভাবে তারা ফ্যান স্থাপন করবেন?’

/এফআর/