শিরোনাম

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা
ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানান। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাবির মল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।

এ সময় বাধা ভেঙে এগোতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বাধা পেয়ে শিক্ষার্থীরা মল চত্বরেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

জানা গেছে, শিক্ষার্থীদের এই উত্তাল বিক্ষোভের সময়েই ঢাবির মল চত্বরের ঠিক পাশেই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে ওই এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

এদিকে, পরীক্ষার্থীদের এই চলমান বিক্ষোভের মাঝেই হঠাৎ করে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার চেষ্টা করেন। তবে সাধারণ শিক্ষার্থীরা তাদের উপস্থিতি মেনে নেননি। আন্দোলনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা এড়াতে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

পরবর্তীতে পুলিশের কড়া নিরাপত্তার কারণে শিক্ষা ভবনের দিকে এগোতে না পেরে মল চত্বরেই নিজেদের অবস্থান কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

/এফআর/