জাবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে শাখা ছাত্রদলের এক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে অধ্যাপক নাহরিন তাকে ‘কীভাবে রাজনীতি করো, দেখবো’ বলে হুমকি দিয়েছেন।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তার দাবি, তিনি জাতীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির পলিসি টিমের সঙ্গে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা শিক্ষকদের রাজনীতির বিষয়ে তিনি জড়ান না বলেও দাবি করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। এসব লেখালেখির পেছনে ছাত্রদল নেতা ওয়াসিম আহমেদ অনিকের ইন্ধন রয়েছে বলে সন্দেহ করছেন অধ্যাপক নাহরিন। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অনিক।

অনিকের ভাষ্য, ফেসবুকে বিভিন্ন শিক্ষার্থী ও একজন সিনিয়র নেতাকে নিয়ে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেটির উদ্দেশ্য ছিল বিষয়টি পরিষ্কার করা। তিনি দাবি করেন, শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব লেখালেখি হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

অনিক বলেন, ‘আমি যে কাজ করি না, সেটা নিয়ে আমার ওপর ক্ষুব্ধ হওয়াটা অযৌক্তিক। একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের গতিবিধি রেকর্ড করে রাখা এবং ভবিষ্যতে কীভাবে রাজনীতি করব, তা দেখার মতো হুমকি দেওয়া অত্যন্ত অশোভন ও আতঙ্কের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার কোনো শিক্ষকের এমন আচরণ প্রকাশ পাক। তবে বিষয়টির একটি সুষ্ঠু সুরাহা হওয়া প্রয়োজন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘আমি কোনোদিন ছাত্ররাজনীতি বা শিক্ষক রাজনীতির মধ্যে যাই না। আমি জাতীয় পর্যায়ে কাজ করি। বিএনপির পলিসি টিমের সঙ্গে কাজ করি।’

ওয়াসিম আহমেদ অনিকের বিষয়ে তিনি বলেন, ‘ও কত বড় নেতা হতে চায়, সে জন্য ওর সিভি আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সে একজন ছাত্রকে গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছে। সে যদি সেক্রেটারি হয়ে অন্য ছাত্রদের হুমকি দেয়, তাহলে যার দায়িত্বে ছাত্রদল আছে (রকিবুল ইসলাম বকুল), তাকে তো আমার বিষয়টি জানাতে হবে।’

অধ্যাপক নাহরিনের মতে, শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করা বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা তার উদ্দেশ্য নয়, বরং কোনো শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাদের বিষয়টি জানানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

/এফআর/