শিরোনাম

হাতিয়ায় জাবি ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

জাবি প্রতিনিধি
হাতিয়ায় জাবি ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা আব্দুল গাফাফার। ছবি: সিটিজেন জার্নাল

নোয়াখালীর হাতিয়ায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল গাফফার। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল গাফফার চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, তার পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়। এ কারণে তিনি ব্যক্তিগতভাবে ওই সাংসদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সংসদ সদস্য হান্নান মাসুদের বিরুদ্ধে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ‘তিন কোটি টাকার সমঝোতা’ হয়েছে এমন একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেন।

আব্দুল গাফফারের দাবি, বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি ও চাপের মুখে ছিলেন। তার অভিযোগ, সংসদ সদস্যের সমর্থকরা তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) রাতে তার গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর স্থানীয় কয়েকজন নেতাকর্মী তার বাবার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পাশাপাশি পরিবারের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল গাফফার বলেন, ব্যক্তিগত আক্রোশ বা বিদ্বেষ থেকে নয়, বরং জনস্বার্থ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এসব অভিযোগ উত্থাপন করেছেন। এ বিষয়ে সংসদ সদস্য হান্নান মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নেতাকর্মীদের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেন, যা তার কাছে দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়েছে।

এ সময় তিনি আরও দাবি করেন, তার কাছে এমন কিছু তথ্য-প্রমাণ রয়েছে, যেখানে সাংসদ হান্নান মাসুদ তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে হামলার ঘটনায় নিজেদের কর্মীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রতীয়মান হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান আব্দুল গাফফার।

/এমআর/