শিরোনাম

জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক: কুবি উপাচার্য

কুবি সংবাদদাতা
জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক:  কুবি উপাচার্য
বক্তব্য রাখছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ছবি: সিটিজেন জার্নাল

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেছেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে অনেক মানুষ এই পৃথিবীতে আসে। তাদের কারো মধ্যে দেশ রক্ষা, দেশ গঠন, দেশের উন্নয়নে কাজ করার সুযোগও আসে। নিজেদের কর্মফলের মাধ্যমে তারা ইহকাল ও পরকালে সম্মানিত হন। আজ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক।’

শুক্রবার (৫ জুন) কুবির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

‎কুবি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, জিয়াউর রহমান তার সংক্ষিপ্ত জীবন ও শাসনামলে দেশ গঠন, প্রতিবেশী ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ ৪৫ বছর পরে আমরা এমন একটি মানুষকে শ্রদ্ধাভরে স্মরণ করি, যিনি তার কর্ম, জীবন ও অবদান দিয়ে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। আজকের এই দোয়া মাহফিলে আমরা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করি এবং তার পরিবারের শান্তি, সম্মান যেন অক্ষুণ্ন থাকে এই কামনা করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, আইন অনুষদের ডিন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ‎ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (‎ইউট্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ও কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, ইউট্যাবের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন প্রমুখ।

‎দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

/এফআর/