শিরোনাম

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলার তদন্ত সিআইডিতে

জাবি প্রতিনিধি
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলার তদন্ত সিআইডিতে
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মো. জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে জানানো হয়, আশুলিয়া থানায় দায়ের হওয়া মামলা নং-৮০ (তারিখ: ১৩ মে ২০২৬) এর তদন্তভার ৪ জুন ২০২৬ তারিখে সিআইডির কাছে ন্যস্ত করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, আশুলিয়া থানার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। মামলার গুরুত্ব এবং ঘটনার প্রকৃতি বিবেচনায় নিয়ে তদন্তের স্বার্থে এটি সিআইডির কাছে হস্তান্তর করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র দ্রুত সিআইডির মনোনীত তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের জন্য ঢাকা জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে জাবির এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন। এরই ধারাবাহিকতায় মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/