শিরোনাম

‘অস্ত্র সমর্পণ করবে না হামাস’

সিটিজেন ডেস্ক
‘অস্ত্র সমর্পণ করবে না হামাস’
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান। ছবি: আল জাজিরা

গাজায় এখনই অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়ে মিসরের কায়রোতে নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রের চূড়ান্ত ভবিষ্যৎ কী হবে তা এখনই নির্ধারণ করা না হলেও পরবর্তীতে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হুসাম বদরান বলেন, যখন কোনো ফিলিস্তিনি জাতীয় কমিটি গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে, তখন রাস্তাঘাটে কোনো দলের অস্ত্র দৃশ্যমান থাকবে না। তখন কেবল এ কমিটির অধীনে থাকা আনুষ্ঠানিক বাহিনী তথা ফিলিস্তিনি পুলিশের হাতেই অস্ত্র থাকবে। গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো কেমন হবে এবং অস্ত্র কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা সমন্বিত আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে বলে জানান তিনি।

এদিকে আল জাজিরা এক সূত্রের বরাতে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে নতুন করে আলোচনা শুরু করতে হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফরের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ইসরায়েলি হামলায় হামাসের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হওয়ার পর সংগঠনটি সাময়িকভাবে আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছিল। সে সময় আলোচনার অনুকূল পরিবেশ তৈরির স্বার্থে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছিল তারা। হামাসের এ নতুন অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/