শিরোনাম

নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

বেরোবি সংবাদদাতা
নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিহাব শাহরিয়ার।

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শিহাব শাহরিয়ার। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরের দর্শনা এলাকায় বলে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে রংপুরের পানবাড়ি ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামে নিহত শিহাব শাহরিয়ার। একপর্যায়ে হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা ও সহপাঠীরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও দীর্ঘ সময় শিহাব শাহরিয়ার নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে শিহাব শাহরিয়ারকে নদী থেকে উদ্ধার ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিহাব শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিহাব শাহরিয়ারের আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, ‘মাথায় লাল ক্যাপ, হাতে ব্যান্ড পরে ব্যাটিংয়ে কিংবা কিপিং গ্লোভস হাতে কিপ করতে শিহাব শাহরিয়ার ভাইকে আর কখনো দেখা যাবে না– বেরোবির কোনো মাঠেই। বেরোবি ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং ব্রুসার সাবেক সহসভাপতি শিহাব শাহরিয়ার ভাইয়ের অকাল ও আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

এক শোক বার্তায় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শিহাব শাহরিয়ারের এই অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সে কেবল একজন মেধাবী শিক্ষার্থীই ছিল না, বরং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও তার অবদান ছিল প্রশংসনীয়। তরুণ এই শিক্ষার্থীর এমন আকস্মিক চলে যাওয়া তার পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিভাগের শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

/এফআর/