ঢাবিতে যান চলাচলে কড়াকড়ি আরোপ

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ঢাবিতে যান চলাচলে কড়াকড়ি আরোপ
ঢাকা বিশ্ববিদ্যায়ের লোগো। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য বিশেষ নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্যদের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিংয়ের বাহন এবং সরকারি গাড়ি এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের বিশেষ নিরাপত্তা স্টিকারের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অফিসপ্রধানের সুপারিশ, মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের নির্ধারিত স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেলের ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এর আগে, গত ৮ থেকে ১০ নভেম্বর (৩ দিনে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা। এ তিন দিনে ক্যাম্পাসের অন্তত ১১টি স্থানে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

৮ নভেম্বর টিএসসি, সিনেট ভবন, ভিসি চত্বর, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। পরদিন ৯ নভেম্বর টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশন ও রাজু ভাস্কর্যের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়।

১০ নভেম্বর কলাভবনের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে ককটেল বিস্ফোরিত হলে চালক সোহেল (৩৬) স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এদিকে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১২ নভেম্বর ককটেল বিস্ফোরণে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করা হয়।

একই ঘটনায় প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এসবি/