শিরোনাম

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিটিজেন ডেস্ক
টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি (সিটিজেন জার্নাল)

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৬ মার্চ) সকালে প্রকাশিত এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার (৮ মার্চ) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টির সূচনা হতে পারে। আগামী রবিবার রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। সেদিন রংপুরের পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানী ঢাকাতেও হতে পারে। ওই দিন রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও আগামী ২৪ ঘণ্টা সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে পরদিন থেকে ধীরে ধীরে মেঘের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনে কিছুটা গরম অনুভূত হলেও শেষ রাতে কিছুটা হিমেল ভাব বজায় থাকবে।

/জেএইচ/