শিরোনাম

কমেছে তাপমাত্রা, ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
কমেছে তাপমাত্রা, ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা
রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন শীতে কম্পমান এক পরিবার, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫। ছবি: হারুন-ওর-রশীদ/সিটিজেন জার্নাল

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাত অবধি আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (শুক্রবার) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে। এটি কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচলেও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বৃদ্ধি পেতে পারে।