‘চীনা গুপ্তচরের’ ফাঁদে এনভিডিয়ার সিইও, শেয়ার বাজারে ধস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘চীনা গুপ্তচরের’ ফাঁদে এনভিডিয়ার সিইও, শেয়ার বাজারে ধস
এনভিডিয়ার লোগো ও সিইও জেনসেন হুয়াং (ইনসেটে)

সম্প্রতি এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির শীর্ষে থাকা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং। শুধু তা-ই নয়, তিনি কোনো বিদেশি গোয়েন্দাদের ফাঁদে কিংবা নজরদারিতে পড়েছিলেন কিনা, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে খোদ এনভিডিয়া বোর্ড। আর এ খবরের ধাক্কায় সোমবার (৯ নভেম্বর) শেয়ারবাজারে শুরুতেই ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রভাবে তাদের শেয়ারের দর প্রায় ৭ শতাংশ পর্যন্ত নেমে যায়।

এমনিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে ডেটা সেন্টারগুলোর বিপুল কাজের চাপ আর এর ভবিষ্যৎ স্থায়ীত্ব নিয়ে প্রযুক্তি বাজারে অনিশ্চয়তা চেপে বসেছিল। তার ওপর হুয়াংকে ঘিরে এ নতুন গুঞ্জন যেন ইতোমধ্যেই টালমাটাল এআই খাতকে আরও বেশি সংকটে ফেলেছে।

তবে সোমবার দিনের শুরুতে ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ কিংবা নাসডাকের মতো সূচকগুলো অন্যসব প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর ওপর ভর করে চাঙ্গা হতে শুরু করলেও এনভিডিয়ার ভাগ্যে তা ঘটেনি। দরপতনের এ ধারা যেন কিছুতেই থামছে না। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গত এক মাসের সর্বোচ্চ চূড়ার তুলনায় এখন ২০ শতাংশের বেশি নিচে। এমনকি গত সপ্তাহে চলতি বছরের অর্জিত পুরো মুনাফাটাই হাতছাড়া হয়েছে তাদের।

বিগত চার বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশ্বজোড়া যে রমরমা ব্যবসা চলছে, তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। আর জেনসেন হুয়াং কেবল একটি প্রতিষ্ঠানের প্রধান নন, ওয়াল স্ট্রিটে পুরো এআই খাতের সম্ভাবনার ওপর বিশ্বাস তৈরি করার মূল চালিকাশক্তি ছিলেন তিনি।

কিন্তু বর্তমানের এ তদন্ত আর বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ও বিপুল ডেটা সেন্টার প্রকল্পের সামনে বেশ কিছু প্রশ্ন তুলেছে। একই সঙ্গে এ ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান অর্থনৈতিক ও কূটনৈতিক স্নায়যুদ্ধকে আরও কিছুটা উসকে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে নিজের ভুল ও বিতর্কের মাঝে কর্মীদের উদ্দেশ্যে জেনসেন হুয়াং বলেন, আমি এনভিডিয়াকে রক্ষা করতে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সমর্থন জোগাতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এমএকে/