যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেলো স্পেস জেলিফিশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেলো স্পেস জেলিফিশ
স্পেস জেলিফিশ

যুক্তরাষ্ট্রের রাতের আকাশে দেখা মিলেছে এক বিরল ও দৃষ্টিনন্দন আলোকচ্ছটার, যা দেখতে অনেকটা বিশাল সামুদ্রিক জেলিফিশের মতো। সূর্যোদয়ের ঠিক আগে আকাশজুড়ে ছড়িয়ে পড়া এই উজ্জ্বল দৃশ্য নজর কেড়েছে দেশটিতে বসবাসকারী কোটি কোটি মানুষের। মহাকাশপ্রেমীদের কাছে আকর্ষণীয় এই ঘটনাকে বলা হচ্ছে ‘স্পেস জেলিফিশ’।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, রকেট উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলের ওপরের স্তরে সৃষ্ট বিশেষ আলোকীয় প্রভাবের কারণেই এমন দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবিতে দেখা গেছে, আকাশের বুকে স্বচ্ছ জেলিফিশের মতো একটি বিশাল অবয়ব ফুটে উঠেছে। এর চারপাশে ছড়িয়ে থাকা নানা রঙের আলো দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে।

জানা গেছে, ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত স্পেসএক্সের একটি রকেটের নির্গত ধোঁয়া ও জলীয় বাষ্প থেকেই এই আলোকচ্ছটার সৃষ্টি। রকেটের জ্বালানি থেকে বের হওয়া বাষ্প উচ্চ বায়ুমণ্ডলের প্রচণ্ড ঠান্ডায় ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়। পরে সূর্যের আলো এসব কণায় প্রতিফলিত ও বিচ্ছুরিত হলে অন্ধকার আকাশে উজ্জ্বল রঙিন আকৃতি ফুটে ওঠে।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সূর্যোদয়ের প্রায় ৪৮ মিনিট আগে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ভোরের আলো তখনো দিগন্তের নিচে থাকলেও বায়ুমণ্ডলের উঁচু স্তরে থাকা রকেটের নির্গমন থেকে তৈরি মেঘে সূর্যের আলো পৌঁছায়। এ কারণে ভূমিতে থাকা মানুষের কাছে আকাশের ওই অংশটি উজ্জ্বল ও রঙিন হয়ে ধরা দেয়।

স্পেসএক্সের তথ্য অনুযায়ী, নাসার জন্য পরিচালিত ৩৫তম বাণিজ্যিক পুনর্ব্যবহারযোগ্য সরবরাহ অভিযানের অংশ হিসেবে ৬ হাজার ৩০০টির বেশি বৈজ্ঞানিক গবেষণাসামগ্রী ও অন্যান্য পণ্য মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে। এসব উপকরণ ব্যবহার করে সেখানে অবস্থানরত বিজ্ঞানী ও মহাকাশচারীরা বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

/এসবি/