ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার পরিস্থিতি দেখতে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। এ দলে বেলজিয়াম, ফ্রান্স, পোল্যান্ড ও ক্যাথলিক চার্চের প্রতিনিধিরা ছিলেন। রামাল্লার নিকটবর্তী প্রধানত খ্রিষ্টান অধ্যুষিত তাইবে গ্রামে এ ঘটনাটি ঘটে। সেখানে হামলাকারীরা বেলজিয়াম কনস্যুলেটের একটি গাড়ির কাচ ভেঙে দেয় এবং সরাসরি শারীরিক লাঞ্ছনা চালায় ফ্রান্সের অলনয়-এমেরিস শহরের মেয়র বার্নার্ড বাউডক্সের ওপর।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন এ সহিংসতার মুখোমুখি হন। জলপাই সংগ্রহ করা, সংবাদ প্রকাশ বা কূটনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে যেন কেউ হামলার শিকার না হন, ইসরায়েলকে তা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এবং পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে এ সহিংসতা বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পুরো ঘটনার পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ঠিক আগের দিন একই এলাকায় কাজ করার সময় ওয়াশিংটন পোস্ট-এর এক আলোকচিত্রীও বসতি স্থাপনকারীদের হামলায় আহত হন।

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, কূটনীতিকদের সফরটি আগে থেকে আইডিএফের সঙ্গে সমন্বয় করা ছিল না।

অন্যদিকে, পুরো ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর ঘটনাটির সত্যতা নিয়েই উল্টো সন্দেহ প্রকাশ করেছে। তাদের দাবি, এটি ইসরায়েলকে হেয় করার সমন্বিত প্রচারণার অংশ। তবে ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, এ ধরনের হামলা ও সহিংসতার ঘটনায় অপরাধীদের জবাবদিহিতা ও বিচার নিশ্চিত করতেই হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/