বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনও বাড়তি সুবিধা দেবে না: স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনও বাড়তি সুবিধা দেবে না: স্কালোনি
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি।

বিশ্বচ্যাম্পিয়নের তকমা বা অতীতের গৌরব বর্তমানের লড়াইয়ে কোনো বাড়তি সুবিধা দেবে না বলে মনে করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাই পুরনো সাফল্যকে পেছনে ফেলে সম্পূর্ণ নতুন এক মিশন শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর আগে ২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৪-৩ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনো কিছুর নিশ্চয়তা এনে দেয় না, বরং আগের মতোই লড়াই করে মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের কথা মনে করিয়ে তিনি বলেন, প্রথম ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটিই সবকিছু নির্ধারণ করে দেয় না। দল বর্তমানে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে।

এদিকে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য এক কীর্তি গড়বেন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলের এ মহোৎসবে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করা এ মহাতারকার ওপর পূর্ণ ভরসা রাখছেন কোচ। স্কালোনির মতে, মেসি সবসময়ই দলের জন্য অপরিহার্য ছিলেন এবং বর্তমানে দারুণ ছন্দে থাকা অধিনায়ক টুর্নামেন্টে দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

/এমএকে/