
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক


ম্যাচে তখন ইনজুরি সময় চলছে। মাঠে ফ্লেয়ার ছুড়লেন দর্শকরা। হামজা চৌধুরী নিজেই সাইডলাইনে গিয়ে সমর্থকদের অনুরোধ করলেন ফ্লেয়ার না ছুড়তে। তার কথা শুনলেনও সমর্থকরা। আর শেষ মুহূর্তে বাংলাদেশের ডিফেন্ডার জিদানের সঙ্গে পাকিস্তানের এক খেলোয়াড়ের খানিকটা ধাক্কাধাক্কি হলো। সব মিলিয়ে অতিরিক্ত সময়টা চার মিনিটের চেয়ে আরও বেশি সময় গড়ালো। তবে স্বপ্ন যে আগেই ভেঙে গেছে বাংলাদেশের। ম্যাচের ৮৫ মিনিটে আব্দুল সামাদ শেহজাদ গোল করেন। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতে পাকিস্তান প্রথমবারের মতো উঠেছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ফাইনালের আগে পাকিস্তানের গোলকিপার ইউসুফ বাট বলেছিলেন, ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে চান। তাদের সেই চাওয়াও পূরণ হয়েছে। আরেক সেমিফাইনালে ভারত ২-১ গোলে হারায় ভুটানকে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের পায়েই বল ছিল ৬৪ শতাংশ সময়। হামজার দল গোলের উদ্দেশ্যে শট নেয় ৮টি, যার ৪টি ছিল লক্ষ্যে। পাকিস্তানের বল পজিশন কম থাকলেও তারা গোলের জন্য শট নেয় ১৩টি, যার ৭টি ছিল লক্ষ্যে।
বাংলাদেশ দলের ভুলটা হয়েছে ৮৫ মিনিটে। আরও স্পষ্ট করে বললে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে এগিয়ে যায় পাকিস্তান। গ্রিপ করার পর গোলকিপার শ্রাবণ বল ছুড়ে মারেন। সেটি পেয়ে যান পাকিস্তানের এক খেলোয়াড়। সেখান থেকে আব্দুল সামাদ বল পেয়ে বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দারুণ শট নেন। শ্রাবণ সেটি রুখতে পারেননি।
পুরো ম্যাচে পাকিস্তানের সঙ্গে শারীরিকভাবেও পেরে ওঠেনি বাংলাদেশ।
এর আগে গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ। দুই দলই গোলের সুযোগ তৈরি করে তবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার শ্রাবণ। সপ্তম মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলকিপার। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান।
২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলকিপারের হাতে লেগে বল পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ। ৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।
বিরতির পরও পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। দারুণ কিছু আক্রমণ চালায় তারা। বিশেষ করে ইতোফুসার দিক দিয়ে আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করা কঠিন হয়ে পড়ে।
৬১ মিনিটে ফারহান চেষ্টা করেছিলেন। পরের মিনিটেই শুকি ইতোফুসার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম। ৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। সেটি থেকে আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ।
৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তবে তিন মিনিট পরেই শ্রবণের সেই ভুল। গোল হজমের পর স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরবতা।
দল হারার পর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন দর্শকরা। ফায়ার সার্ভিস এসে তা নেভায়। ম্যাচের পর ফুটবলাররা ভীষণ হতাশ ছিলেন। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সাফের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি মেহেদী হাসান শ্রাবন। বদলি হিসেবে নেমেছেন সামাদ।
ভুটানের বিপক্ষে সাফের প্রথম ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষ মাঠে নামছেন। তবে আজ তিনি রহমত মিয়ার বদলি হিসেবে নামছেন, খেলবেন রাইটব্যাক হিসেবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম বদলিটা এনেছেন কোচ টমাস ডুলি। সুকি ইতোফুসার বদলে মাঠে নামানো হয়েছে ইব্রাহিমকে। ভুটানের বিপক্ষে ম্যাচে বদলি নেমে বাংলাদেশের গোলটি করেছিলেন ইব্রাহিম। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। আজ আবার নামলেন বদলি হিসেবে। ইব্রাহিম শেষ পর্যন্ত আজ বাংলাদেশ দলকে সফলতা এনে দিতে পারেন কিনা সেটি দেখার।
ফারহান আলী একটি শট নিয়েছিলেন। সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়। তবে পরে জানা যায় ফারহান ছিলেন অফসাইডে।
ম্যাচের ৫৮ মিনিট শেষ। এখনো বাংলাদেশ-পাকিস্তান কোনো দলের কোনো খেলোয়াড়ই কার্ড দেখেননি। বল পজিশনে এগিয়ে আছে বাংলাদেশ। ৬৯ শতাংশ সময় বল দখলে রাখে হামজা চৌধুরীর দল। পাকিস্তানও বেশ কয়েকটি ভালো আক্রমণ করে।

প্রথমার্ধ শেষের বাঁশি বাজালেন রেফারি। গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান দুই দলের কেউই। কয়েকটি ভালো আক্রমণ হয়েছে। তবে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলেরই একটি করে শট পোস্টে লাগে। বাংলাদেশের আক্রমণগুলো যেনো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে।
ম্যাচের ৩০ মিনিটের সময় কুলিং ব্রেক দিয়েছিলেন রেফারি। এরপর থেকে পাকিস্তান আক্রমণে উঠছে ভালোভাবেই। তারিক কাজী মার্কিংটা ঠিকঠাক করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে শট করেছিলেন আব্দুস সামাদ। তবে তা লেগেছে ডান পোস্টে। এর আগের শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার।
ম্যাচের ১২ মিনিট কেটে গেছে। শুরুতে বাংলাদেশকে চাপে রেখেছিল পাকিস্তান। তবে সময়ের সঙ্গে গুছিয়ে উঠছে বাংলাদেশ দল। সপ্তম মিনিটে কাজেম শাহ শট নিয়েছিলেন লক্ষ্যে। তবে কাজেমের দুর্বল শট রুখতে সমস্যা হয়নি পাকিস্তানের গোলকিপার এবং অধিনায়ক ইউসুফ বাট। পরে ফারহান আলী একবার বল নিয়ে পাকিস্তানের ডি বক্সে ঢোকেন। তবে কাজের কাজটা করতে পারেননি।
ম্যাচের প্রথম শট অন টার্গেট রাখলো পাকিস্তান দল। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের বাইরে পাকিস্তানের এক খেলোয়াড় শট নেন। সেটি রুখে দলকে বিপদ মুক্ত করেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
ম্যাচের আগে সম্প্রচারকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। তিনি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপটা ব্যর্থতায় কাটলেও তারা সেখান থেকে অনেক কিছু শিখেছেন। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে দলের ভেতর ভালো উদ্দীপনাও দেখছেন।
পাকিস্তান দলের কোচ নলবার্তো সোলানো জানান, তার বিশ্বাস, আজকে খুব কঠিন একটা পরীক্ষা হবে। খুব ভালো একটা পরিবেশও দেখছেন ম্যাচের আগে। তাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের এই সেমিফাইনাল ম্যাচে ভিএআর (ভিডিও অ্যাসিস্টন্যান্ট রেফারি) আছে। ঢাকার মাঠে আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলেই ভিএআরের অভিষেক হয়েছে ভারত-ভুটানের প্রথম সেমিফাইনালে। বাংলাদেশের ম্যাচেও তা থাকবে। রেফারির দেওয়া সিদ্ধান্ত বদলে যেতে পারে ভিএআরে।