বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার নেওয়া সিদ্ধান্ত ও নীতিমালা বাতিল করার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের দীর্ঘদিনের যে ক্ষমতা রয়েছে, তা সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে তারা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ।

এতে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণকারী আইন (এপিএ)-এর অধীনে বিচারকদের গুরুত্বপূর্ণ ক্ষমতা সীমিত করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসনের আবেদন গ্রহণ করে পক্ষে রায় দিলে নিজেদের নীতিমালা বাস্তবায়নে সরকারের আইনি বাধা অনেকটাই কমে আসবে।

প্রশাসনের দাবি, কোনো ফেডারেল সংস্থার তৈরি বিধিমালা আদালতের মাধ্যমে সবার জন্য বাতিল করা উচিত নয়। বরং বিচারিক আদেশের সুফল বা প্রতিকার সংশ্লিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের বলেন, ট্রাম্প প্রশাসন এই মামলায় জয়ী হলে বিতর্কিত সরকারি বিধিমালা মামলার বাইরে থাকা নাগরিকদের ওপরও কার্যকর রাখা সম্ভব হবে। এমনকি আদালত কোনো বিধিকে বেআইনি বলে চিহ্নিত করলেও চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটি দীর্ঘ সময় কার্যকর থাকতে পারে।

তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাহী বিভাগের ক্ষমতা ও স্বাধীনতা বাড়াবে। তবে এই পরিবর্তনকে ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে দেখা হবে, তা অনেকাংশে নির্ভর করবে সংশ্লিষ্ট সরকারের নীতির প্রতি ব্যক্তির সমর্থন কিংবা বিরোধিতার ওপর।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতি কঠোর করা, ব্যাপক বহিষ্কার কার্যক্রম এবং ট্রান্সজেন্ডারদের অধিকারসংক্রান্ত বিষয়ে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ আদালতে মামলা করলে বিচারকরা বেশ কিছু নীতি বাস্তবায়নে বাধা দেন। এর ফলে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিরোধ ক্রমেই গভীর হয়েছে।

গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশব্যাপী কার্যকর ‘ইউনিভার্সাল ইনজাংশন’ জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করে। তবে আইনের পৃথক একটি বিধানের অধীনে ফেডারেল সংস্থার বেআইনি বিধিমালা পুরো দেশে বাতিল করার ক্ষমতা তখনো বিচারকদের হাতে বহাল ছিল। এবার সেই ক্ষমতাও সীমিত করতে চাইছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ।

নতুন এই আবেদনটি গ্রহণ করে আগামী বছরের শুরুতে মামলাটির শুনানি হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সুপ্রিম কোর্টের।

/এসবি/