অপু থেকে ফেলুদা, আজও অমর সৌমিত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অপু থেকে ফেলুদা, আজও অমর সৌমিত্র
কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়

একজন অভিনেতা, যিনি শুধু চরিত্রে অভিনয় করেননি, চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিলেন। কখনো অপু, কখনো ফেলুদা, আবার কখনো জীবনের গভীর দর্শন তুলে ধরা এক নিপুণ শিল্পী। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১৫ নভেম্বর কোভিড-পরবর্তী শারীরিক জটিলতায় ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের এই প্রবাদপ্রতিম শিল্পী। মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও তার অভিনয়, ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতা আজও দর্শকদের হৃদয়ে সমানভাবে সমাদৃত।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর সত্যজিৎ রায়ের পরিচালনায় একে একে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। ‘চারুলতা’র অমল, ‘অরণ্যের দিনরাত্রি’র অসীম, ‘অশনিসংকেত’-এর গঙ্গাচরণ কিংবা ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’-এর গোয়েন্দা ফেলুদা প্রতিটি চরিত্রে তার অভিনয়শৈলী দর্শকদের মুগ্ধ করেছে। দীর্ঘ ৬ দশকের অভিনয়জীবনে তপন সিংহ, মৃণাল সেনসহ অসংখ্য খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন এই শিল্পী।

চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চনাটক, সাহিত্য ও আবৃত্তিতেও ছিল তার সমান বিচরণ। অভিনয়ের বাইরে তিনি ছিলেন নাট্যকার, কবি, চিত্রশিল্পী এবং বাচিকশিল্পী। ‘টিকিট বাবু’, ‘নীলকণ্ঠ’ ও ‘রাজা লিয়ার’-এর মতো নাটকে তার অভিনয় মঞ্চনাটকের দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত।

আবৃত্তিতে তার দরাজ কণ্ঠ, স্পষ্ট উচ্চারণ ও পরিবেশনার স্বতন্ত্র ধরন বাংলা বাচিকশিল্পে তৈরি করেছিল আলাদা পরিচিতি। বাণিজ্যিক সাফল্যের হাতছানি কিংবা বলিউডের প্রস্তাবের চেয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিজের নিবিড় সম্পর্ককেই বরাবর প্রাধান্য দিয়েছেন তিনি।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের বহু সম্মাননা পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ এবং ২০১২ সালে চলচ্চিত্রজগতের অন্যতম মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া ২০১৭ সালে ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ অর্জন করেন এই অভিনেতা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস কেবল একজন কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করার দিন নয়, বরং বাংলা শিল্প-সংস্কৃতির এক সমৃদ্ধ অধ্যায়কে ফিরে দেখার উপলক্ষ। পর্দার অপু থেকে রহস্যভেদী ফেলুদা-বহুমাত্রিক অভিনয়ের মধ্য দিয়ে তিনি যে অনন্য উচ্চতা তৈরি করেছেন, তা সহজে মুছে যাওয়ার নয়। সময়ের সীমানা পেরিয়ে তার শিল্পকর্ম ও সৃষ্টিশীলতা বাঙালির মননে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

/এসবি/