শিরোনাম

আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই অপ্রত্যাশিত হারের ক্ষত এখনো দগদগে আর্জেন্টিনা শিবিরে। তাই এবার শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়াকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বুধবার (১৭ জুন) ভোর ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচকে ঘিরেই এখন সর্বোচ্চ সতর্ক আলবিসেলেস্তেরা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি প্রতিপক্ষের গতি ও কৌশল নিয়ে বিশেষ সতর্কতা প্রকাশ করেছেন। তিনি জানান, আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন অত্যন্ত দ্রুতগতির ফুটবলার রয়েছেন। তারা যেকোনো মুহূর্তে রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। দলটির খেলার ধরনের সঙ্গে আফ্রিকার আরেক পরাশক্তি মরক্কোর মিল রয়েছে উল্লেখ করে আলজেরিয়ার কোচ ও স্কোয়াডের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলেও স্কালোনি চান তার দল কোনো অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে স্বস্তিতে মাঠে নামুক। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও তা যে টুর্নামেন্টের ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে না, ২০২২-এর শিরোপাজয়ী দলটির চেয়ে ভালো আর কে জানে! লিওনেল মেসির পেনাল্টিতে এগিয়ে গিয়েও সেবার সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা, যদিও শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়েই আসর শেষ করে তারা।

এদিকে প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের বড় দুশ্চিন্তা কেটে স্বস্তি ফিরেছে। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং আঙুলের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রথম ম্যাচেই মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিপক্ষ দলগুলো তাদের হারাতে বাড়তি অনুপ্রেরণা নিয়ে ঝাঁপিয়ে পড়বে তা মনে করিয়ে দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

/এমএকে/