শিরোনাম

শিরোপা ধরে রাখতে উভয় ক্ষেত্রেই ভালো খেলতে হবে: ওতামেন্দি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শিরোপা ধরে রাখতে উভয় ক্ষেত্রেই ভালো খেলতে হবে: ওতামেন্দি
সতীর্থদের সঙ্গে অনুশীলনে নিকোলাস ওতামেন্দি (বামে)। ছবি: হেরাল্ড

বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশন শুরু করার আগেই কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিলেন নিকোলাস ওতামেন্দি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় যেকোনো দলই এখন তাদের সামনে বড় প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করছেন অভিজ্ঞ এ ডিফেন্ডার। তবে সব চ্যালেঞ্জ সামলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে আলবিসেলেস্তেরা পুরোপুরি প্রস্তুত বলে জানান তিনি।

ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওতামেন্দি জানান, বুয়েন্স আইরেস থেকেই তারা এ আসরের জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বমঞ্চে সফল হতে দলটিকে বিনয়ী ও কঠোর পরিশ্রমী হওয়ার তাগিদ দেন তিনি। ওতামেন্দি বলেন, চ্যাম্পিয়নদের হারাতে সবাই বাড়তি অনুপ্রেরণা পাবে, তাই রক্ষণ ও আক্রমণ উভয় বিভাগেই নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের স্মৃতি ওতামেন্দির মনে এখনো তাজা। সেই ধাক্কা সামলে তারা ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বজয় করেছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। বিশেষ করে প্রতিপক্ষকে চেপে ধরতে রক্ষণভাগে একটি শক্তিশালী কাঠামো তৈরির ওপর জোর দিয়েছেন এ সেন্টার-ব্যাক। গত মাসে বেনফিকা ছেড়ে রিভার প্লেটে যোগ দেওয়া ৩৮ বছর বয়সী ওতামেন্দির ক্যারিয়ারের এটিই শেষ বিশ্বকাপ। নিজের চতুর্থ বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পাশাপাশি দেশের হয়ে আবারও ট্রফি উঁচিয়ে ধরার রোমাঞ্চ নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।

/এমএকে/