শিরোনাম

রোনালদো-মদ্রিচদের ম্যাচে টিকিটের দাম ২৬ লাখ টাকা!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদো-মদ্রিচদের ম্যাচে টিকিটের দাম ২৬ লাখ টাকা!
লুকা মদ্রিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২ তে পর্তুগাল ও ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এর প্রভাব পড়েছে পুনর্বিক্রয় বাজারেও। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের কিছু টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, অনলাইন পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগ্যাকে কিছু আসনের মূল্য ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি। এছাড়া সিটগ্যাক ও স্টাবহাবে আরও অনেক টিকিট কয়েক হাজার কানাডিয়ান ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে।

সবচেয়ে কম দামের একক টিকিটও ২ হাজার ৬০০ কানাডিয়ান ডলারের বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। অথচ ফিফা ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করলে একই ম্যাচের টিকিটের মূল্য ছিল ৩৩৫ থেকে ৮৭৫ কানাডিয়ান ডলারের মধ্যে।

ম্যাচটি ঘিরে টরন্টোতে ব্যাপক আগ্রহের অন্যতম কারণ শহরটির বড় পর্তুগিজ ও ক্রোয়েশীয় সম্প্রদায়। বৃহত্তর টরন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ বংশোদ্ভূত এবং প্রায় ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বসবাস।

আবার নকআউট ম্যাচ। ফলে পর্তুগাল বা ক্রোয়েশিয়া-যে দলই হেরে যাবে, সেটিই হতে পারে দুই কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বা লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।

/টিই/