শিরোনাম

মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা
বিশ্বকাপ ট্রাফির দিকে তাকিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে জাতীয় দল এবং ফুটবলারদের নিয়ে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ফিফা বিশ্বকাপ থেকে উঠে আসা অন্যতম প্রধান আলোচনার বিষয় হলো ভক্তদের মাঝে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে গড়ে ওঠা নেতিবাচক ভাবমূর্তি। ২০২২ ফিফা বিশ্বকাপে তারা যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল, তার সম্পূর্ণ বিপরীতে ২০২৬ সালের বিশ্বকাপ। এবার আর্জেন্টিনা বর্তমানে সবচেয়ে ঘৃণিত দলগুলোর একটিতে পরিণত হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনর প্রতিবেদন অনুসারে, এএফএ ভুল তথ্য প্রচারের ঘটনায় সম্ভাব্য আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে।

ফুটবল ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছে, দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত বা অকাট্য প্রমাণহীন ছবি এবং বিনা প্রমাণের নানান দাবির বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

এএফএ কোনো ছাড় না দিয়ে সবক্ষেত্রেই আইনি লড়াই চালাবে। কেবল বড় বড় মূলধারার মিডিয়াই নয় বরং এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে।

ইতোমধ্যেই এএফএর আইনি দল প্রমাণ সংগ্রহ, বিতর্কিত পোস্ট চিহ্নিত করা এবং আনুষঙ্গিক তথ্য-উপাত্ত জমানোর কাজ শুরু করেছে। ফুটবলারদের সম্মানহানি করে এমন যেকোনো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে এএফএ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিপুল সংখ্যক পোস্ট হওয়ার কারণে এতে কিছুটা সময় লাগতে পারে। সম্ভাব্য এই মামলার কোনো ভিত্তি থাকলে তা বেশ কয়েকজনের জন্য সমস্যা তৈরি করতে পারে।

এদিকে আইনি পদক্ষেপের মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিব্রতকর নজির স্থাপন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, যদিও আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যদের ভুলভাবে উপস্থাপন করা এবং তাদের সততার ওপর আঘাত হানার কারণে ক্ষুব্ধ হওয়ার অধিকার রয়েছে। তবে আইনি পদক্ষেপ একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে।

আর্জেন্টিনাই প্রথম দেশ নয় যারা বিশ্বকাপে নমনীয় সিদ্ধান্তের সুবিধা পাওয়া অথবা ফিফার পক্ষপাতিত্বের শিকার হওয়ার অভিযোগে অভিযুক্ত। অতীতেও অনেক দেশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তবে কোনো দেশই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। কারণ তারা মনে করে যে এই ধরনের বয়ান দুর্ভাগ্যজনক ও অযৌক্তিক হলেও সেগুলোকে কখনোই গুরুত্ব সহকারে নেওয়া সমীচীন নয়।

এর পাশাপাশি এটি অনলাইনে ফুটবল ভক্তদের স্বাধীন মন্তব্যকে বাধাগ্রস্ত করতে পারে।

সূত্র: ইয়াহু নিউজ, লা নাসিওন

/জেএইচ/