শিরোনাম

লাল কার্ডের পর বড় শাস্তির শঙ্কায় পারেদেস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লাল কার্ডের পর বড় শাস্তির শঙ্কায় পারেদেস
ফাইনালে হারের পর গাভির সঙ্গে সংঘর্ষে জড়ান পারেদেস। ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বকাপ ফাইনালের শিরোপা হারানোর চরম হতাশা থেকে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে হারিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচে লিওনেল মেসিরা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও রাখতে পারেনি। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পরই স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, খেলা শেষে স্পেনের একাধিক খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে তিনি স্প্যানিশ মিডফিল্ডার গাভির গলায় হাত দেন এবং ধাক্কাধাক্কি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফাইনালে দলের নিষ্প্রভ পারফরম্যান্সের পর পারেদেসের এ আচরণ আর্জেন্টিনার জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।

এখন ফুটবল বিশ্বে মূল আলোচনা—পারেদেস কি ফিফার কাছ থেকে বাড়তি কোনো নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন? ফিফার বর্তমান শৃঙ্খলা বিধি অনুযায়ী, সরাসরি লাল কার্ডের ফলে স্বাভাবিকভাবেই এক ম্যাচের স্থগিতাদেশ প্রযোজ্য হয়। তবে মারাত্মক অসদাচরণ বা সহিংস আচরণের প্রমাণ মিললে শাস্তি আরও বাড়িয়ে দেওয়ার বিধান রয়েছে। ফিফা শৃঙ্খলা কমিটি ম্যাচ অফিসিয়ালদের অফিসিয়াল রিপোর্ট ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিশ্বকাপ ফাইনালের মতো বিশ্বমঞ্চে ম্যাচ শেষে এমন বিশৃঙ্খলা ভালোভাবে নেননি সাবেক ইংলিশ তারকা গ্যারি নেভিল ও অ্যালান শিয়ারার। পুরো ঘটনাটির তীব্র সমালোচনা করে তারা একে লজ্জাজনক হিসেবে অভিহিত করেন। তারা বলেন, আর্জেন্টাইন ফুটবলারদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। ফিফার তদন্ত শেষ হওয়ার পরেই নির্ধারিত হবে এ আর্জেন্টাইন মিডফিল্ডারের শাস্তির মাত্রা।

/এমএকে/