শিরোনাম

ব্রাজিল ফাইনাল খেলবে, বললেন স্কটল্যান্ডের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল ফাইনাল খেলবে, বললেন স্কটল্যান্ডের কোচ

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। খুব বড় জয় নয়, তবে ভালো জয় এটাকে বলাই যায়। কিন্তু শুধু স্কোর দেখে এ ম্যাচে ব্রাজিলের দাপট বোঝানো মুশকিল। বল দখল, পাসিংসহ সব দিক থেকেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামের এই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। ম্যাচ শেষে স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্কের ভবিষ্যদ্বাণী ছিল এ রকম– শেষ বত্রিশ কেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে অনায়াসে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রাজিলের আক্রমণভাগের প্রশংসা করে ক্লার্ক বলেছেন, ‘আমরা অত্যন্ত মানসম্পন্ন এবং একটি প্রাণঘাতী আক্রমণভাগের দলের বিপক্ষে খেলেছি।’

ম্যাচের প্রথমার্ধেই ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭ মিনিটে প্রথম গোলটি ভিনি করেছেন স্কটিশ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুসের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। এরপর ৬০ মিনিটে ব্যবধান ৩-০ করেন মাতেউস কুনিয়া।

ব্রাজিলের খেলার প্রশংসা করার পাশাপাশি নিজেদের পারফরম্যান্স নিয়ে ক্লার্কের আক্ষেপও আছে, ‘আমরা প্রতিপক্ষকে প্রথম দুটি গোল এবং সম্ভবত তৃতীয় গোলটিও উপহার দিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকবার বল বক্সে নিয়েছি, দু-একটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারিনি।’

ব্রাজিলের কাছে হারের পরও অবশ্য এখনো গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়নি স্কটিশরা। সুযোগ আছে সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে যাওয়ার। এর জন্য অবশ্য স্কটল্যান্ডকে তাকিয়ে থাকতে হচ্ছে এখন অন্যান্য গ্রুপের শেষ ম্যাচের ফলের ওপর। স্কটিশ কোচ নিজের খেলোয়াড়দের নিয়ে বলেছেন, ‘আমাদের সমর্থকরা অসাধারণ ছিল এবং ভুলে যাবেন না যে এই খেলোয়াড়রাই সমর্থকদের আমেরিকায় নিয়ে এসেছে। তারা কোয়ালিফাই করেছে বলেই আজ সবাই এখানে উৎসব করতে পারছে।’

/আরএ/