শিরোনাম

দেশে নদীর সংখ্যা কত, সংসদে জানালেন নৌ-পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে নদীর সংখ্যা কত, সংসদে জানালেন নৌ-পরিবহনমন্ত্রী
জাতীয় সংসদে কথা বলছেন নৌ-পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদী কর্মীদের সহায়তায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী দেশে ১ হাজার ৪১৫টি নদী রয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থমূলক রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর আদেশের পরিপ্রেক্ষিতে দেশের নদ-নদীর অবৈধ দখলরোধ, দূষণরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকল্পে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ প্রণয়ন করা হয়।

তিনি বলেন, হাইকোর্ট রিট পিটিশন নং ১৩৯৮৯/২০১৬ এর আদেশে জাতীয় নদী রক্ষা কমিশনকে নদ-নদীর আইনগত অভিভাবক ঘোষণা করে এবং বিদ্যমান আইনে এনফোর্সমেন্ট ক্ষমতা না থাকায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে বিদ্যমান আইন সংশোধনের নির্দেশনা প্রদান করে। নদীর স্বার্থ-রক্ষা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনে নদ-নদী দখল ও দূষণকে ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত প্রতিষ্ঠা, নদী দখল সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত ও অনুসন্ধান, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তা তদারকির বিধান রাখা হয়েছে।

/এসবি/