শিরোনাম

দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের
ম্যাচের ৬৪ মিনিটে ইরানের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ মোহেবি

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ নানা কারণে বিশ্বকাপের আগ থেকে আলোচনায় ছিল ইরান। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা দেয় তারা। ‘জি’ গ্রুপে ইরান-নিউজিল্যান্ড ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নিনা ইনফান্তিনো। দারুণ খেলা উপহার দিয়েছে দুই দলই। শুরুর চার মিনিটে ৩টি আক্রমণ করে এশিয়ার দেশ ইরান। তবে সাত মিনিটেই গোল হজম করে ইরান। ক্রিস উডের অ্যাসিস্ট থেকে গোল করেন এলিজা জাস্ট। দেশের জার্সিতে এটি তার দশম গোল।

প্রথম গোলের পর আরও বেশ কয়েকটি আক্রমণ করে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। ইরানও গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ২৩ মিনিটে পাল্টা আক্রমণে মিডফিল্ড থেকে বল নিয়ে যান তারেমি। শটও নেন। তবে সেটি ডান পোস্টে লেগে ফেরে।

তবে গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইরানের। ৩২ মিনিটে গোলটি করেন রামিন রেজাইয়ান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে শট নেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের চেয়ে ইরানের সমর্থকই বেশি মনে হয়েছে। রেজাইনের গোলের পর বোঝা যায় সেটি।

যোগকরা সময়ের পঞ্চম মিনিটে ফ্রিকিক থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন আলি নেমাতি। তবে অফসাইডে ছিলেন তিনি। প্রথমার্ধে চারটি সেভ দেন ইরানের হোলকিপার আলীরেজা। প্রথমার্ধে ইরান গোলের উদ্দেশ্যে ৭টি শট নেয়, যার ২টি ছিল লক্ষ্যে। নিউজিল্যান্ডের ৯ শটের ৫টি ছিল লক্ষ্যে। ইরানের দখলে বল ছিল ৪৯ শতাংশ।

৫৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় নিউজিল্যান্ড। আবারও উড-জাস্ট জুটিতে আসে সাফল্য। বক্সের বাইরে থেকে ক্রিস উডের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে জালে পাঠান এলিজা জাস্ট। তাতে নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের কীতি গড়েন জাস্ট। তবে এবারও গোল শোধে বেশি সময় নেয়নি ইরান। ৬৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের ক্রসে হেডে গোল করেন মোহাম্মদ মোহেবি।

২-২ সমতার পর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলই আবার গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। যোগ করা সময়ে উডের দুর্বল হেড গ্রিপ সহজেই গ্রিপ করেন ইরানের গোলকিপার। আর গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচ। বিশ্বকাপে এটি ইরানের চতুর্থ ড্র। নিউজিল্যান্ডেরও জেতা হলো না বিশ্বকাপে প্রথম ম্যাচ।

বিশ্বকাপে এদিন মোট চারটি খেলা হয়েছে, সবগুলোই ড্র হয়েছে। ‘জি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে সমান এক করে পয়েন্ট বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ডের।

/টিই/