শিরোনাম

এবার উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব
উরুগুয়ে-সৌদি আরব ম্যাচের মুহূর্ত

২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক উপহার দিয়েছিল সৌদি আরব। এবার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আগে গোল করে এগিয়ে যায় সৌদি। তবে শেষ পর্যন্ত জয় পায়নি তারা। গোল শোধ করেন মাক্সিমিলিয়ানো আরাউহো। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে সৌদি আরব ও উরুগুয়ে।

ম্যাচের ৪১ মিনিটে গোল করে সৌদি আরব। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে কাছ থেকে বল জালে পাঠান আবদুলেলাহ আল আমরি।

গোলটি উরুগুয়ের রক্ষণভাগ ও গোলকিপারের ভুলের মাশুল। ৪৫ মিনিটে ম্যাক্সি আরাউহোর ক্রস থেকে হেড করেন ভালভার্দে। তবে গোলের সেই চেষ্টা রুখে দেন সৌদি গোলকিপার মোহামেদ আল ওয়াইস। ম্যাচজুড়ে বলের দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটিকে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। আক্রমণের ধার বাড়ায় মার্সেলো বিয়েলসার দল। ৬০ মিনিটে ম্যানুয়েল উগার্তের শট ঝাপিয়ে ঠেকান সৌদির গোলকিপার আল ওয়াইস। ৬৭ মিনিটে মাঠের বাঁ-প্রান্ত দিয়ে ভালভার্দের ফ্রিকিক ঠেকিয়ে দেন সৌদি গোলকিপার।

৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আল-ওয়াইস। তবে বলটি তিনি পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সেটি গিয়ে পড়ে ম্যাক্সি আরাউহোর সামনে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। জোরালো শটে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান আরাউহো।

৮৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে কাসারেসের হেড বারের উপর দিয়ে যায়। পরের মিনিটে ব্রায়ান রদ্রিগেজের শট দূরের পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে উরুগুয়ের ডেলা ক্রুসের শট রুখে দেন সৌদি গোলকিপার আল-ওয়াইস। তৃতীয় মিনিটে আরাউহোর শট নিজের বাঁ-দিকে ঝাপিয়ে ঠেকান। এই ম্যাচের আসল নায়ক সৌদি আরবের গোলকিপার আল-ওয়াইস। ম্যাচে ৯টি গোল সেভ করেছেন তিনি।

‘এইচ’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে চার দল উরুগুয়ে, সৌদি আরব, স্পেন ও কেপ ভার্দের পয়েন্ট সমান ১ করে।

/টিই/