শিরোনাম

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে সরকারের ব্যয় প্রায় ৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে সরকারের ব্যয় প্রায় ৭৩ কোটি টাকা
১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপের আসর

ফিফা থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) ফুটবল বিশ্বকাপ ২০২৬ ‘অল মিডিয়া রাইটস’ কিনছে বাংলাদেশ সরকার। এতে ব্যয় হবে ৩৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা)। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ ৭২ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিভিন্ন থার্ড-পার্টি বা মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে চড়া মূল্যে কিনতে হতো। তবে এবার ‘অল মিডিয়া রাইটস’ বা সম্পূর্ণ সম্প্রচার স্বত্ব পাওয়ার কারণে বিটিভি কেবল স্যাটেলাইট টেলিভিশনই নয়, বরং তাদের টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও এই খেলাগুলো প্রচারের আইনি অধিকার পাবে।

আগের বার অর্থাৎ ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রচারস্বত্ব কিনতে বিটিভি অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করেছিল। সেবার এই স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে তা বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আসর। সরকারের এ উদ্যোগের ফলে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগের পথ সুগম হলো।

/টিই/