প্রত্যেক খেলোয়াড় সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হবো: ডুলি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রত্যেক খেলোয়াড় সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হবো: ডুলি
বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি

৫ নভেম্বর থেকে দেশের মাটিতে শুরু সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে ক্যাম্প শুরু করেছে। বাংলাদেশ ২০০৩ সালে একবারই দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব পেয়েছিল। এবার হামজা-শমিতের খেলোয়াড় দলে আছে। টুর্নামেন্টে এবার ভারত শক্তিশালী দল পাঠাবে না। তাই সব মিলিয়ে বাংলাদেশের শিরোপার সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি শিরোপা জেতা সম্ভব মনে করছেন, ‘প্রত্যেক খেলোয়াড় যদি নিজের সেরাটা মাঠে দিতে পারে, তাহলে আমি বিশ্বাস করি আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমাদের খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’

মাঠে নামলে বাংলাদেশের ফুটবলারদের ভুল করা বা কৌশল বাস্তবায়ন না করতে পারা পুরনো অভ্যাস। ডুলি বলেন, ‘গতকাল কিংসের ম্যাচে আমি কয়েকজন খেলোয়াড়কে দারুণ খেলতে দেখেছি। তারা জাতীয় দলের হয়ে খেলতে নামলে কেন সেই পারফরম্যান্স দেখাতে পারে না। তারা যদি নিজেদের দক্ষতা জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কাজে লাগাতে পারে এবং দলের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে, তাহলে আমাদের ভালো সম্ভাবনা রয়েছে।’

ফুটবলপ্রেমীরা ফুটবলারদের উৎসাহ দেন আবার কড়া সমালোচনাও করেন। এতে ফুটবলাররা প্রভাবিত হন বা চাপে পড়েন বলে মনে করেন কোচ, ‘কিছু খেলোয়াড়ের মনে আবার ফেসবুকে তাদের নিয়ে লেখা নেতিবাচক মন্তব্য ও সমালোচনার কথাও ঘুরতে থাকে। তারা ভাবে, মানুষ তাদের ঘৃণা করছে। আপনিও যদি এমন পরিস্থিতিতে থাকেন, তাহলে আপনার পক্ষে শতভাগ মনোযোগ দিয়ে কাজ করা কঠিন হবে। খেলোয়াড়রা যদি মানসিকভাবে চাপমুক্ত থাকে, অনুপ্রাণিত থাকে এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে আমি সত্যিই বিশ্বাস করি আমরা সাফ চ্যাম্পিয়ন হতে পারবো।’

কোচ বলেছেন পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেছেন। জিকো কিংসের হয়ে চলতি মৌসুমে কোনো গোল হজম করেননি। তিনি ডাক পাননি অথচ অন্যরা জাতীয় দলের ক্যাম্পে এ নিয়ে ডুলির উত্তর, ‘দেখুন, সব গোলরক্ষকই ক্যাম্পে এসেছিল এবং অনুশীলন করেছে। আমাদের একজন গোলরক্ষক কোচ রয়েছেন, যিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তাদের নিয়ে কাজ করেন। আমরা অনুশীলনে তাদের পারফরম্যান্স দেখি। এরপর সবাই মিলে আলোচনা করি- কার মধ্যে কী ধরনের সমস্যা রয়েছে, কাকে নিয়ে আমরা বেশি নিশ্চিন্ত বোধ করছি এবং কে নিজের কাজ সম্পন্ন করতে সবচেয়ে বেশি চেষ্টা করছে। আমাদের পাঁচজন গোলরক্ষকের মধ্যে তিনজন অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে ছিল।’

/টিই/