মিয়ানমারের সঙ্গে ড্রতে তৃপ্ত কোচ বাটলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিয়ানমারের সঙ্গে ড্রতে তৃপ্ত কোচ বাটলার
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয় বাংলাদেশ। তবে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারকে গোলশূন্য রুখে দিয়ে ইতিবাচকভাবেই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান গেমসে শেষ ম্যাচে র‍্যাংকিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সে ভীষণ তৃপ্ত বাংলাদেশ কোচ পিটার বাটলার।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে নিজের গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই কোচ। পিটার বাটলার বলেন, ‘আমি সত্যিই খুব গর্বিত। আজ মেয়েদের নিয়ে আমি ভীষণ আনন্দিত, আমার মনে হয় তারা দারুণ করেছে। আমাদের দলে অনেক কমবয়সী মেয়ে আছে। আইরিন ফিরে এসেছে, ওর বয়স মাত্র ১৬। আমার মনে হয় মৌমিতা অসাধারণ ছিল, সত্যিই খুব ভালো করেছে।’

মিয়ানমারের বিপক্ষে দল হিসেবে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার পরিচয় দিয়েছে, সেটিও আলাদাভাবে উল্লেখ করেছেন কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় রক্ষণভাগেও আমরা বেশ শক্ত ও মজবুত ছিলাম। আমরা সত্যিই খুব হাই লাইনে খেলেছি, যেটা অফঈদা এবং আইরিন খুব ভালোভাবে সামলেছে। মিয়ানমারের র‍্যাংকিং যেখানে ৫০-এর ঘরে, সেখানে আমরা ১০০-এর কাছাকাছি। আমার মনে হয়, কিছু কিছু সময়ে আমরা সত্যিই খুব ভালো ফুটবল খেলেছি।’

এর আগে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোল হজম করে বাংলাদেশ দল।

তবে সব হতাশা পেছনে ফেলে মিয়ানমারের বিপক্ষে ড্র-কেই ম্যাচের ন্যায্য ফল বলে মানছেন তিনি। বাটলার যোগ করেন, ‘আমরা মিয়ানমারকে হারাতে পারি এবং কলিনও (প্রতিপক্ষ কোচ) একই কথা বলবে যে, আমরা দুজনেই অনুভব করেছি সম্ভবত ড্র-ই ছিল এই ম্যাচের একটি ন্যায্য প্রতিফলন।’

/টিই/