বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, শেয়ারবাজারে উত্থান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, শেয়ারবাজারে উত্থান
তেলের দামে পতন ও শেয়ারবাজারে উত্থান। ছবি: এআই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়েছে এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলে বড় দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে নেমে এসেছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে গেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪.৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬.৮৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়ার পর তেলের দামে এই পতন ঘটে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশা বেড়েছে।

এদিকে জ্বালানির দাম কমায় গত সপ্তাহের বড় দরপতন কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৩৫ শতাংশ বেড়েছে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকের উত্থান হয়েছে ২.৭৪ শতাংশ।

স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, ‘নিশ্চিতভাবেই তেলের দাম কমে যাওয়ায় বাজারের এই উত্থান আরও গতি পেয়েছে।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও উত্থান দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১.২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১.৭ শতাংশ বেড়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/