শিরোনাম

কেপ ভার্দের খেলোয়াড়দের প্রশংসায় মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেপ ভার্দের খেলোয়াড়দের প্রশংসায় মেসি
আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কেপ ভার্দের খেলোয়াড়রা ও লিওনেল মেসি (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্যে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে রোমাঞ্চকর এ জয়ের পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক অকপটে স্বীকার করেছেন, মাঠের লড়াইটা তাদের জন্য মোটেও সহজ ছিল না। একই সঙ্গে প্রতিপক্ষের লড়াকু ফুটবল ও মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন আলবিসেলেস্তে তারকা।

কেপ ভার্দেকে সমীহ করে ম্যাচ শেষে মেসি বলেন, তারা আগে থেকেই জানতেন ম্যাচটি বেশ কঠিন হতে যাচ্ছে। এ দলটি স্পেন কিংবা উরুগুয়ের মতো পরাশক্তির কাছেও হারেনি। সে কথা মনে করিয়ে দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক জানান, প্রথম গোলটি করার পর ভেবেছিলেন ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং দল নিজেদের ছন্দে ফিরবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটেছে। কেপ ভার্দে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে এবং এটাই এ বিশ্বকাপের আসল বাস্তবতা।

বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখা প্রতিটি দলই শক্তিশালী মন্তব্য করে তিনি জানান, তারা সব সময় প্রতিটি দলকে সম্মান করেন। এখন বিশ্ব ফুটবলে দলগুলোর শক্তির ব্যবধান কমে এসেছে এবং প্রতিটি ম্যাচই সমান কঠিন হবে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক উপায়ে বিশ্রাম নেওয়া এবং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা করা। একই সঙ্গে বিগত ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে ভুলত্রুটিগুলো দ্রুত শুধরে নেওয়ার ওপর জোর দিয়েছেন মেসি।

/এমএকে/