শিরোনাম

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়বে কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়বে কেপ ভার্দে: প্রেসিডেন্ট
কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস

চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এক বড় চমকের আভাস দিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। শক্তির বিচারে আলবিসেলেস্তেরা ঢের এগিয়ে থাকলেও, ফেভারিটদের হারিয়ে ইতিহাস গড়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার মতে, কাগজে-কলমের হিসাব যাই বলুক না কেন, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে পা রাখবে তার দেশ।

চলতি আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে পা রেখেই বাজিমাত করেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দেওয়ার পর সৌদি আরবের সঙ্গে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে আফ্রিকার এই লড়াকু দলটি। অভিষেক আসরেই এমন রূপকথার অগ্রযাত্রায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা।

অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে তাদের চেনা ও দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বের তিন ম্যাচে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে পা রেখেছে আলবিসেলেস্তেরা। দলের এই জয়ের ধারায় মূল কাণ্ডারির ভূমিকা পালন করছেন অধিনায়ক মেসি নিজেই। দলগতভাবে করা মোট আটটি গোলের মধ্যে ছয়টিই এসেছে এ জাদুকরের পা থেকে। ফলে শক্তির বিচারে ল্যাটিন আমেরিকার দলটি স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

এমন কঠিন প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও অবশ্য পরিসংখ্যানকে মোটেও পাত্তা দিচ্ছেন না কেপ ভার্দের রাষ্ট্রপ্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস জানিয়েছেন, তাদের হারানোর কিছু নেই, বরং পাওয়ার ক্ষুধাই তাদের মূল চালিকাশক্তি। তিনি মনে করেন, যখন কোনো দলের প্রতি মানুষের প্রত্যাশার চাপ থাকে না অথচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন যেকোনো অবিশ্বাস্য কিছুই সম্ভব। বিশ্বমঞ্চে নিজেদের ভাগ্য পরিবর্তন ও সামর্থ্য প্রমাণ করার লক্ষ্য নিয়ে আসা কেপ ভার্দে তাই মেসির দলের বিপক্ষেও একই মানসিকতা ও অদম্য ইচ্ছা নিয়ে মাঠে নামতে প্রস্তুত। এখন ফুটবলপ্রেমীদের চোখ মাঠের লড়াইয়ের দিকে, যেখানে স্পষ্ট ফেভারিটদের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারে এই নবাগতরা।

/এমএকে/