শিরোনাম

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাবেন নয়্যার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাবেন নয়্যার
জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার।

অবসর ভেঙে চলতি বিশ্বকাপে জার্মানির জার্সিতে মাঠে নেমেছেন দেশটির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। টুর্নামেন্ট শেষেই আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন এ তারকা। বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৪০ বছর বয়সী এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘরের মাঠে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখায় তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনেন কোচ হুলিয়ান নাগেলসম্যান।

এটি নয়্যারের ক্যারিয়ারের টানা পঞ্চম বিশ্বকাপ। এক সংবাদ সম্মেলনে নিজের ফেরার বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালে নেওয়া অবসরের সিদ্ধান্তটি একদম সঠিক ছিল। কারণ গত দুই বছর জাতীয় দলের হয়ে খেলার বাড়তি চাপ সামলানো তার জন্য বেশ কঠিন হতো। এ টুর্নামেন্টকে নিজের শেষ আসর উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা তার নেই। বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে না ভেবে আপাতত সামনের ম্যাচগুলো নিয়েই পুরোপুরি মনোযোগী এ কিংবদন্তি।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী তারকা যদি এবারও জার্মানিকে শিরোপা জেতাতে পারেন, তবে দেশের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বেন তিনি। তবে রেকর্ড বা কীর্তির চেয়ে এই বয়সে এসে আরও একটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকেই নিজের বড় সৌভাগ্য বলে মনে করছেন নয়্যার।

/এমএকে/