শিরোনাম

বিশ্বকাপে নতুন রেকর্ড নিউজিল্যান্ড ডিফেন্ডারের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে নতুন রেকর্ড নিউজিল্যান্ড ডিফেন্ডারের
নিউজিল্যান্ডের ডিফেন্ডার টাইলার বিন্দন (বাঁয়ে) ও তার মা জেনি বিন্দন (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপে রচিত হলো নতুন এক ইতিহাস। বিশ্বমঞ্চে বাবা-ছেলের খেলার বহু নজির থাকলেও, এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে নাম লেখালো কোনো মা-ছেলে জুটি। নিউজিল্যান্ডের তরুণ ডিফেন্ডার টাইলার বিন্দন মাঠে নামার সঙ্গেই পূর্ণতা পেয়েছে অনন্য এ রেকর্ড। মঙ্গলবার (১৬ জুন) ইরানের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে ইতিহাসের পাতায় নিজের ও মায়ের নাম খোদাই করে নেন এ তরুণ তুর্কি।

টাইলারের মা জেনি বিন্দন নিউজিল্যান্ডের ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ। এর আগে ২০০৭ ও ২০১১ সালের ফিফা বিশ্বকাপে দলটির গোলবারের অতন্দ্র প্রহরী ছিলেন তিনি। শুধু বিশ্বকাপই নয়, ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিক গেমসেও নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন জেনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে মোট ৭৭টি ম্যাচ খেলেছেন সাবেক এ গোলরক্ষক।

মায়ের সেই গৌরবময় পথ অনুসরণ করেই ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০০৫ সালে জন্ম নেওয়া টাইলার বিন্দনের। আর চলতি আসর দিয়েই প্রথমবারের মতো পা রাখলেন স্বপ্নের ফুটবল বিশ্বকাপে। মায়ের শেষ বিশ্বকাপ খেলার প্রায় দেড় দশক পর ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগ আপ্লুত টাইলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, সবচেয়ে বড় মঞ্চে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারাটা অত্যন্ত গর্বের। বিশ্বকাপে খেলা প্রথম মা-ছেলে জুটি হিসেবে মায়ের সঙ্গে এ মুহূর্তটি ভাগ করে নিতে পেরে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। উল্লেখ্য, কেবল মা জেনিই নন, টাইলারের বাবা গ্র্যান্ট বিন্দনও ছিলেন নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনের চেনা মুখ, যিনি দেশটির জাতীয় ভলিবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

/এমএকে/