শিরোনাম

মেসির পর ডেভিডের হ্যাটট্রিক, ছুঁলেন ৯৬ বছরের রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির পর ডেভিডের হ্যাটট্রিক, ছুঁলেন ৯৬ বছরের রেকর্ড
কানাডার তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ভ্যাঙ্কুভারে কাতারকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে ৩ গোল করে তিনি ছুঁয়েছেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড। একই সঙ্গে স্পর্শ করেছেন ৬০ বছর আগের এক ঐতিহাসিক কীর্তি।

১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনডের পর প্রথম উত্তর আমেরিকান হিসেবে এবং ১৯৬৬ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজ দেশের মাটিতে বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন ২৬ বছর বয়সী এ তারকা। সর্বশেষ ১৯৬৬ সালের ফাইনালে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের জিওফ হার্স্ট ঘরের মাঠে এই কীর্তি গড়েছিলেন, যার দীর্ঘ সময় পর আবার কোনো স্বাগতিক ফুটবলার এই নজির গড়লেন।

ভ্যাঙ্কুভারের মাঠে দর্শকদের আনন্দে ভাসিয়ে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক কানাডা। ১৬তম মিনিটে সাইল লারিনের গোলে ডেডলক ভাঙার পর শুরু হয় জোনাথন ডেভিডের ম্যাজিক। ২৯তম মিনিটে ডান পায়ের দুর্দান্ত ভলিতে ওপেন প্লে থেকে এক বছরেরও বেশি সময় পর নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন তিনি।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রসবারে লেগে ফিরে আসা বল গোলমুখের জটলার ভেতর থেকে জালে পাঠিয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন। বাকি সময়ে কানাডার পক্ষে নাথান সালিবা একটি গোল করেন এবং অন্য গোলটি আসে কাতারি ফুটবলারের আত্মঘাতী অবদান থেকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে, নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে নিজের তৃতীয় গোলটি করে স্মরণীয় এ হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড।

চোট কাটিয়ে উঠলেও এখনো বিশ্বকাপে মাঠে নামা হয়নি দলের সেরা তারকা আলফনসো ডেভিসের। তবে সাইডলাইনে বসে সতীর্থের এ রাজকীয় পারফরম্যান্সের সাক্ষী হয়ে রইলেন তিনি। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে এটি ছিল ইতিহাসের ৫৬তম হ্যাটট্রিক। এ পর্যন্ত ৫৩ জন ফুটবলারের পা থেকে বিশ্বকাপে হ্যাটট্রিক হয়েছে। আর্জেন্টাইন মহাতারকা মেসির পর এ আসরের দ্বিতীয় হ্যাটট্রিকম্যান হিসেবে ফুটবল ইতিহাসের এক অনন্য পাতায় নিজের নাম লেখালেন জোনাথন ডেভিড।

/এমএকে/