রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যায় যা বললেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যায় যা বললেন কোচ
প্রত্যাশা পূরণ করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো

নেশন্স লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৭টি শট নিয়ে সবই মিস করেছেন, একবার বল জালে জড়ালেও বাতিল হয়েছে অফসাইডের কারণে।

ওয়েলসের বিপক্ষে গোল করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। ম্যাচের ২২ মিনিটে একমাত্র গোলটি করেন হোয়াও ফেলিক্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো অবিশ্বাস্য একটি মিস করেন। ফাঁকা জাল পেলেও, রোনালদোর টোকায় বল ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপর সিআরসেভেনের হতাশা আরও বাড়ে তার করা গোল বাতিল হওয়ায়।

৬৭ মিনিটে রোনালদোকে বদলি করেন কোচ জেসুস। তার বদলি নামেন গনসালো রামোস।

পর্তুগাল অধিনায়ককে তুলে নেওয়ার কারণ জানান কোচ জর্জ জেসুস। তিনি বলেন, ‘ম্যাচের পরিস্থিতি এটা দাবি করছিল। তখনও ২৫ মিনিট বাকি ছিল। রামোসের মতো চাপ তৈরি করতে পারে, এমন একজন শক্তিসম্পন্ন খেলোয়াড় আমার প্রয়োজন ছিল।’

জেসুস আরও বলেন, ‘হয়তো টেকনিক্যালি ক্রিস্টিয়ানোর মতো একই মানের খেলোয়াড় সে নয়। কিন্তু আমি জানি গনসালো রামোস রক্ষণভাগে আমাদের আরও বেশি গতি এনে দেবে। আর সেটা সে করেছেও।’

একই গ্রুপের আরেক ম্যাচে নরওয়ে ৩-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে। ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হলান্ড।

/টিই/